ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬

স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি?

ফুটবল বিশ্বের সব নজর এখন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার শিরোপাধারী আর্জেন্টিনা। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে এই দুই পরাশক্তির লড়াই ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।ম্যাচকে সামনে রেখে ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটার তাদের সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস প্রকাশ করেছে। পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটে জয়ের দৌড়ে সামান্য এগিয়ে রাখা হয়েছে স্পেনকে। অপটার তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ, যেখানে আর্জেন্টিনার সম্ভাবনা ২৯.৪ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৫.৪ শতাংশ।


তবে এই পরিসংখ্যানকে চূড়ান্ত বলে মানতে নারাজ অনেক ফুটবলপ্রেমী। এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অপটার বেশ কয়েকটি পূর্বাভাস মিললেও সেমিফাইনালের ফলাফল সেই হিসাবের সঙ্গে পুরোপুরি মেলেনি। ফলে আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বাস, মাঠের লড়াইই শেষ পর্যন্ত সব পরিসংখ্যানকে হার মানাতে পারে।


বিশ্বকাপের ইতিহাসে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখছে স্পেন।


এই ফাইনালের সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি। অনেকের ধারণা, এটিই হতে পারে কিংবদন্তি এই ফুটবলারের শেষ বিশ্বকাপ ম্যাচ। অন্যদিকে তরুণ, গতিময় ও আক্রমণাত্মক ফুটবল দিয়ে পুরো টুর্নামেন্টে মুগ্ধ করেছে স্পেন। তাই অভিজ্ঞতা ও আবেগের বিপরীতে তারুণ্য ও ছন্দ—দুই ভিন্ন শক্তির লড়াইয়ে জমে উঠবে বিশ্বকাপের মহারণ। পরিসংখ্যান হয়তো স্পেনকে সামান্য এগিয়ে রাখছে, কিন্তু ফুটবলে শেষ কথা বলে মা ঠের পারফরম্যান্স। মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পরই জানা যাবে, ২০২৬ ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি উঠবে স্পেনের হাতে, নাকি আবারও ইতিহাস গড়ে তা নিজেদের করে নেবে আর্জেন্টিনা।

ads
ads
ads

Our Facebook Page